ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছ কাটা নিয়ে বিরোধের সূত্র ধরে আহসান উল্যা আনিস (৪২) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। চাপারশিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।


নিহত আহছান উল্যাহ আনিস পশ্চিম নরসিংহপুর গ্রামের তবারক আলী চৌকিদার বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে। খবর পেয়ে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একই পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলেন, তবারক আলী চৌকিদার বাড়ির দেলোয়ার হোসেন (৬৫), নাসিমা আক্তার (২৪), শারমিন আক্তার (২৫), রনি আক্তার (২২)। ইউপি সদস্য আবুল কাশেম জানান, আনিস সকাল ১০টার দিকে বাড়ির ভেতরের পুকুরপাড়ের পাশে নিজের জায়গার একটি গাছ কাটতে যায়। সে দীর্ঘদিন থেকে ওই জায়গা ভোগ দখলে ছিল। ওই সময় একই বাড়ির দুসম্পর্কের জেঠাতো ভাই, ভাতিজা, ভাতিজিরা গাছ কাটতে বাধা দেয়।


এক পর্যায়ে গাছ কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে একই বাড়ির রুবেল, তার বাবা দেলোয়ার হোসেন, রুবেলের স্ত্রী ও বোন আনিসকে গাছ থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে পুকুরপাড়ে বেধড়ক পিটিয়ে জখম করে।


নিহতের পরিবার তাকে উদ্ধার কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।


তিনি বলেন, এ ঘটনায় রুবেল নামে অভিযুক্ত এক যুবক হাসপাতাল থেকে পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑